কে হবেন বায়ার্নের নতুন কোচ?

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:৩১

নিক কোভাচের বরখাস্তের কারণে গেল তিন মৌসুমের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মৌসুমের মধ্যবর্তী সময়ে বায়ার্ন মিউনিখকে নতুন কোচ খুঁজতে হচ্ছে। আগেরবার জুপ হেইঙ্কস অন্তর্বর্তী কোচ হিসেবে দলকে রক্ষায় এগিয়ে এসেছিলেন। তাহলে এবার কে? সে প্রশ্নটাই এখন ফুটবলের ইউরোপীয় অঙ্গনে আলোচনার বিষয়।

পর্তুগীজ কোচ হোসে মরিনহো, ডাচ এরিক টেন হ্যাগ, ইতালীয় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, বায়ার্নের ভারপ্রাপ্ত কোচ হ্যানসি ফ্লিক, ফরাসি আর্সেন ওয়েঙ্গার, সাবেক কোচ রালফ র্যাঙ্গনিক, থমাস টুখেল, মরিচিও পচেত্তিনো এবং সর্বোপরি হেইঙ্কসের নাম উচ্চারিত হচ্ছে কোভাচের উত্তরসূরি হিসেবে। বায়ার্ন গত রবিবার কোভাচকে বরখাস্ত করে। এর একদিন আগে জার্মান চ্যাম্পিয়নরা কোভাচের অধীনে খেলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়। কোভাচ ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর দলটিকে বুন্দেশলিগা ও ডিএফবি-পোকাল কাপ জিতলেও সবসময়ই চাপে ছিলেন। শেষ পর্যন্ত বায়ার্ন আর তার ওপর আস্থাই রাখতে পারল না।