সাড়ে চার মাসেও অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২২

কুমিল্লায় সাড়ে চার মাসেও অজ্ঞাত লাশের (৩৫) পরিচয় মেলেনি। জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে গত ২০ জুন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পুলিশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার সদস্যরা ঐ ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-কুমিল্লার এসআই আবদুর রাজ্জাক সরদার বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশ ঐ স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং নানা মাধ্যমে নিহতের ছবি প্রচার করেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেলে সহজেই রহস্য উদঘাটন করা যাবে। তাই কেউ ছবি দেখে ঐ ব্যক্তির পরিচয় জানলে পিবিআই কুমিল্লাকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।