আমানতের অর্থ ফেরত পেতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাত্ করেছেন অবসায়নের প্রক্রিয়ায় থাকা পিপল্স লিজিংয়ের আমানতকারীরা। এ সময় তারা তাদের আমানতের অর্থ ফেরত পেতে অর্থমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। অর্থ ফেরতে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলানগরে অর্থমন্ত্রীর দপ্তরে পিপল্স লিজিংয়ের আমানতকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল দেখা করেন। এ সময় তারা পিপল্স লিজিংয়ের অবসায়ন প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান।
সাক্ষাত্ শেষে বিনিয়োগকারীদের পক্ষে আতিকুর রহমান আতিক সাংবাদিকদের বলেন, পিপল্স লিজিংয়ের ক্ষুদ্র আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ রেখে এখন তা ফেরত পাচ্ছে না। তারা চরম অসহায় অবস্থায় দিন পার করছেন। তারা কোথায় গেলে এ টাকা ফেরত পাবেন, তারও কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। এ অবস্থায় হাজারো আমানতকারী ও তাদের পরিবারের সদস্যরা এক অনিশ্চিত জীবনযাপন করছেন। এ টাকা থেকে অনেক অবসরপ্রাপ্ত মানুষের সংসারের ব্যয় নির্বাহ, সন্তানের লেখাপড়া ও চিকিত্সা খরচ চলত; কিন্তু এখন এসব ব্যয় নির্বাহের রাস্তা বন্ধ হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি অসাধু চক্র কৌশলে আমাদের সর্বশান্ত করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বিভিন্নভাবে নামে-বেনামে আমানতকারীদের অর্থ বাগিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পরিকল্পনামাফিক তারা এ প্রতিষ্ঠানটিকে অবসায়নের পর্যায়ে নিয়ে গেছে। আমরা ভীত যে, এভাবে এগোতে থাকলে এ চক্র সব দায়দেনা থেকে মুক্তি পাবে এবং শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে। আমাদের সব সঞ্চয় লুট করে এ লিজিংয়ের পরিচালকসহ অন্যরা আয়েশি জীবনযাপন করছে। বিদেশে তারা সেকেন্ড হোম বানাচ্ছে।
তিনি বলেন, অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। পিপল্স লিজিংয়ের বিনিয়োগকারীদের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার দাস, রানা ঘোষ, সামিয়া বিনতে মাহবুব, আবু নাসের বখতিয়ার ও কামার আহমেদ প্রমুখ।
