ভেনেজুয়েলার কূটনীতিকদের বহিষ্কার এল সালভাদরের

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩৬

এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ভেনেজুয়েলার সব কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে বুকেলে বলেন,‘যেসব দেশের সরকার নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট মনে করে না আমাদের সরকারও তাদের সারিতে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বিরোধীপক্ষের নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার আনুষ্ঠানিক প্রধান হিসেবেও স্বীকৃতি দিয়েছেন। 

গত ২৩ জানুয়ারি গুইদো নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মাদুরো সরকারকে অবৈধ বলে নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। তারপর থেকেই দুই পক্ষ সরাসরি বিরোধে জড়িয়ে পড়ে এবং পালটা-পালটি সমাবেশ শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোসহ লাতিন আমেরিকার বেশিরভাগ দেশ গুইদোকে স্বীকৃতি দিয়েছে। এবার এল সালভাদরও সে দলে যোগ দিল। রবিবার এক বিবৃতিতে নাইব বুকেলে ভেনেজুয়েলার কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়ে বলেন, আগামীতে  গুইদোর নিয়োগকৃত প্রতিনিধিদের ভেনেজুয়েলার কূটনীতিক হিসেবে গ্রহণ করবে এল সালভাদর। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এল সালভাদরের এ সিদ্ধান্তে উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এল সালভাদর ইতিহাসের সঠিক পথে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় আমরা প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশংসা করছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ থেকে এল সালভাদরের সিদ্ধান্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।