জি কে শামীম ও খালেদকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:১৪

অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে এবং ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই জনের মধ্যে খালেদকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথম দিন ছিল। অপরদিকে গতকাল জি কে শামীমকে রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ৩টায় সাদা একটি মাইক্রোবাসে করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের একটি দল খালেদকে নিয়ে আসে। এরপর তাকে কিছুক্ষণ দুদকের হাজতখানায় রাখা হয়। বিকাল সোয়া ৩টার দিকে তাকে দুদকের জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি কে শামীমকে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জি কে শামীমের জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন, জি কে শামীম তার অবৈধ সম্পদের বিষয়ে এখনো খোলামেলা কোনো তথ্য দিচ্ছেন না। কৌশলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এবং যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারী ব্যবসা করে আসা জি কে শামীমকে গত ২৭ অক্টোবর আলাদাভাবে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।