পার্বত্য বান্দরবানের লামার ইয়াংছার একটি বাগানে কাদা পানিতে ডুবে বন্য হাতির একটি শাবক প্রাণ হারিয়েছে। ধারণা করা হচ্ছে রবিবার রাতে হাতির পাল বাগানের ভেতরকার পুকুর পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার বিকালে লামা বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম কায়সার জানান, আনুমানিক তিন বছর বয়সি শাবকটি রুগ্ণ ছিল। তাই কাদা পানিতে পড়ে আর উঠতে পারেনি।
তিনি বলেন, লামা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থলে মৃত শাবকটির সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করেছে। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। এ ঘটনায় লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
