সাভারে পৃথক অভিযানে ডাকাত সর্দার বিপ্লবসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও র্যাব-৪। রবিবার রাতে আমিনবাজার থেকে র্যাব-৪-এর সদস্যরা ১৬০০ পিস ইয়াবাসহ ডাকাত বিপ্লব ও তার এক সহযোগীকে এবং আশুলিয়ার বগাবাড়ী এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
আমিনবাজারে গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরার বিপ্লব (৩০) ও পাবনার মো. হাসান (২৮) এবং আশুলিয়ায় গ্রেফতার হয় মাদারীপুর সদর থানার সজল (২৯)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে র্যাব-৪-এর একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব ১৬০০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহূত মোটরসাইকেলসহ ডাকাত সর্দার বিপ্লব ও তার সহযোগী হাসানকে গ্রেফতার করে।
পুলিশ সুপার নরেশ চাকমা জানান, আসামি ডাকাত বিপ্লব একজন কুখ্যাত সন্ত্রাসী। সে সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। বর্তমানে ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে সাভার, আশুলিয়া, ধামরাই, মিরপুর মডেল থানায় একাধিক ডাকাতি, খুন, চাঁদাবাজি, মাদকের মামলাসহ আন্তঃজেলা বাস ডাকাতির মামলা রয়েছে। ২০১৬ সালের চলন্ত বাসে আশুলিয়ার কুড়গাঁও নিবাসী কলেজছাত্র আবিরসহ জোড়া খুন মামলার প্রধান আসামি বিপ্লব।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজলকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
