গত এক দশকে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নতি করেছে উল্লেখ করে সফররত বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালকবৃন্দ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে তারা সহায়তা অব্যাহত রাখবেন। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্কালে তারা বলেন, আমরা বাংলাদেশে এক অবিশ্বাস্য উন্নয়ন প্রত্যক্ষ করেছি। বাংলাদেশ সকল সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি এগিয়ে।
সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দ সরকারের উন্নয়ন নীতিমালা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়নের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
প্রেস সচিব বলেন, তারা বেসরকারি খাতের বিকাশে প্রধানমন্ত্রী এবং তার সরকারের ভূমিকারও প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তারা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় এবং সহায়তা করার ক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় জনগণের উদারতা দেখে তারা অত্যন্ত আনন্দিত। এ প্রসঙ্গে তারা শেখ হাসিনাকে অবহিত করেন যে, রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য তারা কক্সবাজার পরিদর্শন করেছেন। তারা আরো বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহযোগিতা দেবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ও আওয়ামী লীগের নীতি হলো—গ্রামীণ জনগোষ্ঠী যাতে উন্নয়নের সুফল ভোগ করতে পারে তা নিশ্চিত করা। শেখ হাসিনা উল্লেখ করেন যে, ক্ষমতায় আসার পর তার সরকার খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ও জ্বালানি খাতে উন্নয়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়।
শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই
মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সরকারি শিশু পরিবার, ঢাকার কয়েকজন সদস্যকে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন। সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের এ উপহার হস্তান্তর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শিশু পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
