বিথীর ফ্রি ক্রিকেট স্কুল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:৪৩

  মাহবুব নাহিদ

 

সম্ভাবনা ছিল তার নিজেরই অনেক দূর এগিয়ে যাওয়ার। ক্রিকেটে তার পদচারণ ছিল দারুণ, ছিল এগিয়ে যাওয়ার প্রত্যয়। কিন্তু ইনজুরির কারণে ছেড়ে দিতে হয় ক্রিকেট খেলা। খেলা ছেড়ে দিলেও খেলার নেশ তাকে ছাড়েনি। তাইতো আরিফা জাহান বিথী শুরু করল বাংলাদেশের প্রথম নারীদের জন্য ফ্রি ক্রিকেট একাডেমি।

আরিফা জাহান বিথী রংপুর জেলার নূরপুরে বেড়ে ওঠেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ সেরেছেন রংপুর থেকেই। ডিগ্রি পড়েছেন রংপুরে বেগম রোকেয়া কলেজে। ক্রিকেটের নেশায় মত্ত হন স্কুলে পড়া অবস্থায়ই। ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন তিনি। একদিন এক ম্যাচের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ খেলা উপহার দেন তিনি। এরপরই তার সামনে এগিয়ে চলা শুরু হয়। ভর্তি হন পান্থকুঞ্জ ক্রিকেট একাডেমিতে। ২০১২ সালে তিনি পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন তিনি। খেলেছেন ওরিয়ন স্পোর্টিং ক্লাব, কলাবাগান, রায়েরবাজার দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। কিন্তু ইনজুরির কবলে পড়ে ২০১৭ সালেই ইতি টানতে হয় তার ক্যারিয়ারের।

২৬ অক্টোবর ১৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে বিথীর ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির উদ্বোধন করা হয়। তিনি চান তার এই সংগঠনের মাধ্যমে বেরিয়ে আসুক নতুন দিনের সালমা, জাহানারা, রুমানা কিংবা সানজিদা। আমাদের দেশে অনেক মেয়েই ক্রিকেট খেলতে আগ্রহী, কিন্তু আর্থিক কারণে একাডেমিতে গিয়ে খেলা শেখা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই মেধাবী ও অসচ্ছল মেয়েদের ক্রিকেট শেখাতে বিথীর এই উদ্যোগ। থাকবে প্রতিবন্ধীদের জন্যও বিশেষ ব্যবস্থা।

বিথী চান মেয়েরা পিছিয়ে না থাকুক। মেয়েরা বাল্যবিবাহের কবল থেকে বাঁচুক। মেয়েরা এগিয়ে যাচ্ছে ক্রিকেটসহ সব খেলাধুলায়। সম্প্রতি আমাদের নারীরা এশিয়া কাপ জিতে এসেছে। খুব তাড়াতাড়ি তারা বিশ্বকাপ জিতে আসবে বলে বিথীর আশা। নারী ক্রিকেটারদের শুধু নারী না ভেবে তাদেরও ক্রিকেটার হিসেবে ভাবার দাবি জানান বিথী। 

বিথী স্বপ্ন দেখেন, তার ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নারীদের ক্রিকেট শেখার পাশাপাশি সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করবে। তার স্বপ্ন, আগামী পাঁচ বছরে তার একাডেমি থেকে পাঁচজন জাতীয় দলের ক্রিকেটার গড়ে উঠবে।