>> মিঠু মোস্তাফিজ
দক্ষ, কর্মমুখী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.) গড়ে তোলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ (www.milestonecollege.com)। এমএনআরএস ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাইলস্টোন প্রতিষ্ঠার পর বেশ ক’বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন। ২০০৮ সালে ঢাকা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার পর মেধাতালিকা পদ্ধতি থাকাকালীন ১৩ বার দেশসেরা ও বোর্ডের মেধাতালিকায় স্থান, সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাসসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের রয়েছে ধারাবাহিক সাফল্য।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের সাম্প্রতিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১২৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং শতভাগ পাসহ ৯৯৮ জন জিপিএ-৫ অর্জন করে। ২০১৮ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেয় ১১১১ জন এবং শতভাগ পাসসহ ৩৯৬ জন জিপিএ-৫ অর্জন করে। এ বছর মাইলস্টোন থেকে এসএসসি দিয়েছে ১৩৪১ জন। পাসের হার ৯৮.৯৬% এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩০১ জন শিক্ষার্থী। মাইলস্টোন কলেজ থেকে এ বছর ২২১১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ পাসসহ ৮৫৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানসম্মত ও পরিপূর্ণ একাডেমিক পর্ষদ নিয়ে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে কর্মরত আছেন অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। উত্তরা মডেল টাউন ক্যাম্পাসের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁঁইয়া (অব.)। মাইলস্টোন কলেজের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন মো. মাসুদ আলম। এখানে আছে ৪১৫ জন অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক ও কর্মকর্তা।
উত্তরা মডেল টাউন ক্যাম্পাস ছাড়াও উত্তরা তৃতীয় প্রকল্পে মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়িতে ২০ বিঘার সুবিশাল এলাকা জুড়ে রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস। বিশাল খেলার মাঠ, চারদিকে খোলামেলা সবুজ শ্যামল মনোরম পরিবেশের ক্যাম্পাসটি এরমধ্যে শিক্ষার্থীদের প্রাণের ক্যাম্পাসে পরিণত হয়েছে।
