বিমানের ককপিটে বসে থাকা এক নারী যাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চীনা একটি এয়ারলাইনস তাদের এক পাইলটের বিমান চালনায় আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে।
জানুয়ারিতে গুইলিন শহর থেকে ইয়াংঝুগামী এয়ার গুইলিনের একটি ফ্লাইটের ককপিটে ওই নারী যাত্রী ছবিটি তুলেছিলেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। চলতি সপ্তাহে ঐ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে ভাইরাল হলে এয়ার গুইলিন বিমানটির চালক ও অন্য কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ‘ক্যাপ্টেনকে ধন্যবাদ, খুব খুশি।’ ককপিটে হালকা নাশতাসহ বসে থাকা ঐ নারী তার ছবির ক্যাপশনে এমনটাই লিখেছিলেন। ছবিতে ঐ নারীকে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে বাম হাতের দুই আঙুলে ‘ভি চিহ্ন’ বানাতেও দেখা গেছে। ছবিটি কখন তোলা হয়েছে, সে সম্বন্ধে কোনো তথ্য না মিললেও চীনা বেশ কয়েকজন পাইলট ও বিশ্লেষক ককপিটের ছবিটি মাঝ আকাশেই তোলা হয়েছিল বলে ধারণা করছেন। ককপিটে যাত্রীকে ঢুকতে ও ছবি তুলতে দিয়ে পাইলট বিমান নিরাপত্তা বিধিমালা লঙ্ঘন করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ার গুইলিন। শাস্তি পাওয়া পাইলটের নাম জানা যায়নি।
