ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নিজ দলের কর্মী ইউসুফ আল মামুন নিহতের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকালে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে কোতয়ালী আওয়ামী লীগ।

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট স্বপন পাল, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাছ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিহতের ভাই ও মামলার বাদী সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ, গত ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামে চায়ের দোকানে রাজনৈতিক আলাপ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মজিদ নামে এক ব্যক্তি। এ সময় উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আল মামুন -এর প্রতিবাদ করলে বাক বিতণ্ডা থেকে মারপিটের ঘটনা ঘটে। এতে আহত ইউসুফ আল মামুনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।