কেন্দুয়ায় নৌকার পক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলার দল নিয়ে প্রচারণা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২০

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়া উপজেলায় নৌকার পক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা নিয়ে প্রচারণা করেছে আ.লীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া আসনে আ.লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে ভোট চাইতে যান।

এ সময় স্থানীয় আ.লীগের নেতা-কর্মীরা লাঠিখেলার দল নিয়ে নেচে-গেয়ে অসীম উকিলকে বরণ করে নেন এবং ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাঠিখেলার দল নিয়েই নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় আ.লীগ প্রার্থী অসীম কুমার উকিল পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর, পেমই, পেচুন্দরী, পাইকুড়া, চিটুয়া নওপাড়া ও বৈরাটি বাজারে পৃথক পথসভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। দিনব্যাপী প্রচারণায় সাবেক এমপি ও জেলা আ.লীগের সহ-সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী, জেলা আ.লীগের সদস্য ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী, পাইকুড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজুসহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।