নাচ-গানে ভরপুর ছবির জন্য আমি বড়ই বেমানান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:১৮

সারিকা সাবাহ। অভিনয়শিল্পীদের নিজস্ব নামের চেয়ে যখন চরিত্রের নামের সাফল্য গান বেশি হয়ে ওঠে তখনই মূলত একজন অভিনয় কর্মীর সফলতা। ঝুমুর নামেই এখন পরিচিত সকলের কাছে। দীর্ঘদিন পর কোনো ধারাবাহিক নাটক দর্শকমুগ্ধ করলো। ফ্যামিলি ক্রাইসিস নামের এই ধারাবাহিক থেকেই আলাদাভাবে নজরকাড়া সারিকা সাবাহ কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ

ফ্যামিলি ক্রাইসিস নাটকে আপনার আর পলাশের কেমিস্ট্রি জনপ্রিয় হয়ে উঠল, এটি বুঝতে পারলেন কখন?

এটা দর্শকদের কমেন্টে বোঝা যায়। ফেসবুকে অনেকেই আমাকে হয়তো খুশি করার জন্য পজিটিভ কমেন্ট করেন। কিন্তু আমি ফলো করি ইউটিউব কমেন্টগুলো। কারণ সেখানে খুব অনেস্ট অপিনিয়ন দেয় সকলে। ফ্যামিলি ক্রাইসিসে বেশকিছু পর্বের পর কিন্তু পলাশ ভাই ঢুকেছে। নাটকের নির্মাতা মোস্তফা কামাল রাজ ভাই যখন এ রকম একটি চরিত্রের কথা চিন্তা করছিলেন তখনই পলাশ ভাইয়ের নামটি উঠে আসে। আর পলাশ ভাইয়ের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। তাই আমার কাছে বিষয়টি আরো কমফোর্টের ছিল।

 

পারভেজ-ঝুমুরের রসায়ন নিয়ে ব্যক্তিজীবনে কতটা রেসপন্স পান আপনি?

এটা আর বলার অপেক্ষা রাখে না। কী বলবো আর। এই কিছুদিন আগে একজন আমাকে ফোন করে শাসিয়ে বললো, আমার পারভেজ ভাইকে আর এ রকম কষ্ট দিয়ে কথা বলবেন না। আরেক মেয়ে সেদিন জানালো পারভেজ ঝুমুরের বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো। আমি তো অবাক। ওকে প্রশ্ন করি, এতই ঠুনকো জীবন তোমার! সামান্য অভিনয় দেখেই আত্মহত্যা করতে চাইছো। ও তখন বললো, আমার জীবনের চেয়েও এই পারভেজ-ঝুমুরের প্রেমটাকে আমি বেশি ভালোবাসি। এরপর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলাম।

 

সকলের কাছেই একটা প্রশ্ন আসে কারো টিভি নাটকে জনপ্রিয়তা বেড়ে গেলে, তা হলো কবে আপনি ফিল্মে আসছেন? এই কমন কৌতুহলের জবাব কী দেবেন?

আমার মোটেও কমার্শিয়াল ছবিতে কোনো আগ্রহ নেই। আমি বলতে চাইছি নাচ-গানে ভরপুর ছবির জন্য আমি বড়ই বেমানান। আমি এমন কোনো ছবি করতে চাই যেটাতে গল্পই থাকবে মূল নায়ক এবং অবশ্যই আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে হবে।

 

এখনকার তুমুল ব্যস্ততার শিডিউলটা জানতে চাই...

না, আমি কিন্তু মাসের ২৫ দিনই কাজ করবো এমন করি না। টাকার জন্য এখনও কাজ করি না আমি। অভিনয়টা এখনও আমার একান্ত প্যাশনের জায়গা। তাই আমি মাসে ৭/৮ দিনের বেশি কাজ করি না।