ডিংগারহাট-হিরাধর-কলসকাঠী সড়ক বেহাল

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:১৪

বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ডিংগার হাট থেকে কলসকাঠী ইউনিয়নের হিরাধর হয়ে কলসকাঠী যাতায়াতের রাস্তাটির অবস্থার বেহাল। ভেঙেচুরে ও বিভিন্ন জায়গায় দেবে গিয়ে রাস্তাটি এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির ঐ ইটের রাস্তাটি দিয়ে কলসকাঠী বন্দরের মালামাল আনা-নেওয়ার জন্য ছোটো পিকাপভ্যান অটোরিকশাসহ অনেক যান্ত্রিক যানবাহন চলাচল করে। কিন্তু এর বিভিন্ন জায়গায় ইট না থাকার কারণে বৃষ্টিসহ বিভিন্ন সময়ে বড়ো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে।

কলসকাঠীর দুর্গাপুরের মোকলেচ হাওলাদার জানান, কলসকাঠী ইউনিয়নের লোকদের চলাচলের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রাস্তাটিতে অধিক খানাখন্দ সৃষ্টি হওয়ায় কলসকাঠী ডিগ্রি কলেজ, বিএমএ একাডেমি, কলসকাঠী সালেহীয়া আলিম মাদ্রাসা, কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাটবাজার ও ইউনিয়ন পরিষদে আসা হাজার হাজার এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন।

কলসকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (মনু) তালুকদার জানান, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক) জানান, স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রতনার নির্দেশে রাস্তাটি দ্রুত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই রাস্তার কার্যক্রম শুরু হবে।

সংসদ সদস্য নাসরিন জাহান রতনা জানান, কিছুদিন পূর্বেই রাস্তাটির প্রশস্তকরণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি সংস্কারের ব্যাপারে কার্যক্রম হাতে নেওয়ার চেষ্টা করছি। ধ