সাভারের আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার মাজীদুন নিসা মহিলা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকালে মাজীদুন নিসা মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ঐ শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে নিজ কক্ষে ঐ শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে পলাতক ঐ মাদ্রাসার অধ্যক্ষ এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
