শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত্ বার্ষিকী। শুক্রবার সকালে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। সেখানে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা। এরআগে মহানন্দা নদীর তীরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। ওইদিন শহরকে শত্রুমুক্ত করতে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ছোট সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়। এ ছাড়াও বুদ্ধিজীবি দিবসে সোনামসজিদ গণকবরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে দোয়া মোনাজাত করা হয়।
