প্রধানমন্ত্রী জাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন :কাদের

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৩:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। গতকাল মঙ্গলবার দুপুরে বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ।

প্রসঙ্গক্রমে ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন না করে বিশ্বব্যাংক যে ভুল করেছে, তারা এখন তা বুঝতে পারছে। ফলে আমাদের নতুন নতুন প্রকল্পে টাকা দেওয়ার জন্য সংস্থাটি অস্থির হয়ে পড়েছে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক নতুন করে ঢাকা শহরে ‘বাস র্যাপিড ট্রানজিট’ নামে একটি প্রকল্প করার জন্য প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে তারা অর্থায়ন করবে। বর্তমানে ঢাকায় মেট্রোরেল ও বিআরটি প্রকল্পের কাজ চলছে। এ অবস্থায় নতুন করে আরেকটি বিআরটি প্রকল্প হাতে নিলে ঢাকা শহর প্রায় অচল হয়ে যাবে। আগে আমরা চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করে মানুষকে কিছুটা স্বস্তি দিতে চাই। এরপর নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।

আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুর অগ্রগতি তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ এ পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই আজ পদ্মা সেতু বাস্তব অবস্থায় এসেছে। এখন আর এটি স্বপ্ন নয়, এটি বাস্তব।

ইত্তেফাক/এসি