ইত্তেফাক ডেস্ক
স্কুলছাত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গত রবিবার ও গত সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ওসমানীনগর (সিলেট) : ওসমানীনগরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিহত হয়েছেন। সোমবার সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর এলাকায় এই দুর্ঘটনা দুইটি ঘটে। নিহতরা হলেন—উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে ও তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ফাহিম (১৫) এবং বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া (৫৫)।
শিবচর (মাদারীপুর) : শিবচরে দুই জন নিহত ও আট জন আহত হয়েছেন। গত রবিবার ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের পাঁচচর রয়েল হাসপাতালের সামনে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সঙ্গে রাস্তার পাশে থাকা ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে শেখ হুমায়ুন কবির (৩০) ও সোহেল শেখ (২৮) নিহত হন।
নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিমউদ্দিন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। সোমবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নাজিমউদ্দিন উপজেলার শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের। বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।
