চট্টগ্রামে ‘টর্চার সেল’ থেকে অস্ত্র ও মাদক জব্দ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:০৮

গ্রেফতার এক

 চট্টগ্রাম অফিস

বাকলিয়া এলাকায় পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের পুত্র সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বাকলিয়া মাস্টারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে গ্রেফতার নিয়াজের দেওয়া তথ্যে মাস্টারপুলে কিরিচ বাবুল ও তার ছেলেদের পরিচালিত টর্চার সেলে অভিযান চালিয়ে সেখান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। টর্চার সেল থেকে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাকলিয়া মাস্টারপুল এলাকার এমদাদুল হকের পুত্র দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর বাকলিয়া থানার মোস্তফাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কিচির বাবুলকে গ্রেফতার করে পুলিশ। পরে গত ২৫ মে নগরীর বাকলিয়া থানার নবাব খাঁ কলোনির নয়ারাস্তা খালের পুল এলাকা থেকে কিরিচ বাবুলের দুই পুত্র মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেলকে (২৪) ছুরিসহ গ্রেফতার করেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।