বরিশালে ছুরিকাঘাতে যুবক হত্যা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১১

গ্রেফতার এক

বরিশাল অফিস

বরিশাল নগরীর আমানতগঞ্জে কসাইবাড়ির পোল এলাকায় প্রকাশ্যে রুহুল আমিন নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগে সুমন নামের একজনকে গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিনকে ছুরিকাঘাত করা হয়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সন্ধ্যা ৭টার দিকে রুহুলকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন ভোলা সদর উপজেলার দিঘলদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা শফিউল ইসলামের জামাতা। রুহুল শ্বশুরবাড়ি থেকে নগরীর বাজার রোডের একটি দোকানে কাজ করতেন। গ্রেফতারকৃত সুমন আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক। কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের কথা শোনা গেছে। তবে অন্য কোনো কারণেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।