রে জা উ ল ক রি ম খো ক ন
সিনেমার গল্পে এখন অনেক বিচিত্র চমক দর্শকদের বারবার আলোড়িত করছে। গতানুগতিকতার বৃত্ত ভেঙে বেরিয়ে এসেছে বলিউডের হিন্দি সিনেমা। এ সপ্তাহের নতুন হিন্দি সিনেমা ‘বালা’র কথা ধরা যাক। ছবির নায়ক গৌরব রাওয়াত ওরফে বালা। কানপুরের এই যুবক তার মাথার চুল নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছে। তার মাথার চুল পড়ে যাচ্ছে। খুব দ্রুত চুল হারিয়ে টেকো মাথার মানুষ হিসেবে চরম বিব্রতকর ও অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় বালা। টেকো হওয়ার কারণে তাকে প্রায়ই নানাজনের ঠাট্টা-বিদ্রূপের শিকার হতে হয়। এক ধরনের হীনম্মন্যতাবোধ তাকে গ্রাস করে। বালার টেকো হওয়ার পর বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মজার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘বালা’ সিনেমার চিত্রনাট্য। যেখানে দর্শক সুদর্শন, সুপুরুষ, নিখুঁত চেহারার নায়কদের রুপালি পর্দায় দেখে অভ্যস্ত, সেখানে এক টেকোর গল্প নিয়ে ‘বালা’ সিনেমাটি আসছে। ছবির নায়ক টেকো হলেও এখানে তার দুই প্রেমিকা। দুই নারীর সঙ্গে টাক মাথার নায়কের প্রেম-রোমান্স দর্শকদের অনেক আনন্দ দেবে। ‘বালা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। বলিউডে এ সময়ে বিচিত্র ও ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু নিয়ে নির্মিত সিনেমাগুলোয় তার সফল ও অনবদ্য অভিনয় খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে আয়ুষ্মানকে। ‘বালা’য় তার দুই প্রেমিকা পরি ও নিকিতা চরিত্রে দেখা যাবে বলিউডের দুই উঠতি সাড়া জাগানো অভিনেত্রী যথাক্রমে ইয়ামি গৌতম ও ভূমি পেডনেকারকে।
‘বালা’য় আবার অনেকদিন পর ইয়ামি গৌতমের সঙ্গে রুপালি পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে অভিনেত্রীরূপে আত্মপ্রকাশ ইয়ামির। নায়িকা হওয়ার আগে ফেয়ার অ্যান্ড লাভলির মডেল হিসাবে তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল ঘরে ঘরে। ‘ভিকি ডোনার’ ব্যাপকভাবে সফলতা পেয়ে যায় বক্স অফিসে। ফলে রাতারাতি বলিউড সেলিব্রেটিতে পরিণত হন ইয়ামি। নয়টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর আবার আয়ুষ্মান খুরানাকে রুপালি পর্দায় পাশে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়ামি বলেন, ‘‘ভিকি ডোনার’-এ আমরা দুজনেই ছিলাম নতুন। অভিনেতা-অভিনেত্রী হিসাবে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। ‘বালা’য় একসঙ্গে কাজ করতে গিয়ে অনুভব করেছি আমার আগের চেয়ে অনেকটা সহজ ও স্বাচ্ছন্দ্য হয়েছি অভিনয়ে। এতে আয়ুষ্মানের আরো একজন নায়িকা ভূমি পেডনেকারও রয়েছে। এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকার টানাটানি দর্শক বেশ এনজয় করবে আশা করছি।’ আগামীতে রোমান্টিক কমেডি সিনেমা ‘গিনি ওয়েডস সানি’-তে ইয়ামিকে নায়িকারূপে দেখা যাবে। সম্প্রতি হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত ৪০টি দেশের বিনিয়োগকারীদের এক সম্মেলনে প্রাদেশিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন তিনি। হিমাচলের মেয়ে হিসেবে এত বড় সম্মান অর্জন করায় ইয়ামি গৌতম দারুণভাবে অভিভূত।
‘বালা’ ছবিতে নায়কের আরেক প্রেমিকা নিকিতা চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। আয়ুষ্মান খুরানার সঙ্গে ইতিমধ্যে ‘দম লাগাকে হাইসা’ ও ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিদুটিতে দেখা গেছে তাকে। গত সপ্তাহে ভূমি অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘শাদকি আঁখ’ মুক্তি পেয়েছে। ‘টয়লেট এক প্রেমকথা’, ‘লাস্ট স্টোরিজ’, ‘সুনচিরিয়া’, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ প্রভৃতি হিন্দি সিনেমায় তার উজ্জ্বল পর্দা উপস্থিতি দর্শক-সমালোচকদের খুব প্রশংসা লাভ করেছে। এবার ‘বালা’য় আবার আয়ুষ্মানের নায়িকা হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ভূমি পেডনেকার বলেন, ‘এ ছবিতে আমি এক টেকোর প্রেমে মজে যাই। টেকো হলেও বালাকে অনেক ভালোবাসে নিকিতা। এ চরিত্রে আমি মনপ্রাণ ঢেলে অভিনয় করেছি। ভিন্ন স্বাদের মজার এই প্রেমের গল্প দর্শকদের নতুন স্বাদ দেবে আমার দৃঢ় বিশ্বাস। ‘বালা’ ছবিতে আমার সঙ্গে ইয়ামি গৌতমও রয়েছে বালার আরেক প্রেমিকা হিসেবে, সেও যথেষ্ট সুন্দরী ও মেধাবী অভিনেত্রী। দুই প্রেমিকাকে বালা কিভাবে সামাল দেবে, সেটা দেখতে দর্শক ভিড় করবেন সিনেমা হলে।’ আগামীতে ভূমি পেডনেকারকে দেখা যাবে ‘পতি পত্নী আউর ওহ’, ‘ডলি কিন্টি আউট ওহ’, ‘ভূত পাটওয়ান :দ্য হন্টেড শিপ’ ছবিগুলোতে।
