‘টার্মিনেটর’-এ ভাগ্য বদল

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৬

তা হ মি না  মি লি

 

হালে মুক্তি পেয়েছে টার্মিনেটর মুভি সিরিজের ষষ্ঠ সিক্যুয়াল ‘টার্মিনেটর :ডার্ক ফেইট’। প্রখ্যাত চিত্র নির্মাতা জেমস ক্যামেরন সেই ১৯৮৪ সাল থেকে চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যে সমৃদ্ধ অবিশ্বাস্য গল্পের সিনেমা ‘টার্মিনেটর’-এর বিভিন্ন পর্ব উপহার দিয়ে চলেছেন। ভবিষ্যত্ থেকে একদল রোবট এসে বর্তমান পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জনমনে আতঙ্ক সৃষ্টি করে চলে তারা। সেই ভয়ংকর রোবটদের প্রতিরোধ করে এই পৃথিবীর মানুষকে রক্ষা করতে কিছু ভালো রোবট সৃষ্টি করা হয়। যারা স্কাইনেট নামে পরিচিত। এরকম এক ভালো রোবটের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দুনিয়া জুড়ে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনিগার। ‘টার্মিনেটর’ সিরিজের প্রতিটি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। সিক্যুয়ালের ষষ্ঠ সিনেমা ‘টার্মিনেটর :ডার্ক ফেইট’ দারুণ সব চমক নিয়ে এসেছে দর্শকদের জন্য। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর টু :জাজমেন্ট ডে’-তে অভিনয় করেছিলেন অ্যাকশন কুইন হিসেবে খ্যাত লিন্ডা হ্যামিল্টন। টার্মিনেটরের দ্বিতীয় কিস্তিতে সারাহ কন্নর চরিত্রে অভিনয় করা এই তারকা বর্তমানে টার্মিনেটর সিক্স অর্থাত্ ‘ডার্ক ফেইট’-এ ৬০ বছর বয়সেও ধুন্ধুমার অ্যাকশন উপহার দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ‘অনেকদিন পর আবার টার্মিনেটর-এর স্বাদ পেলাম। এবারের অ্যাকশন সিক্যুয়েন্সগুলো আগের তুলনায় অনেক গুণ বড়। অসাধারণ এই অ্যাকশন সিনেমায় ২০২৯ সালের পৃথিবীর গল্প তুলে ধরা হয়েছে। সম্ভবত এটি টার্মিনেটর সিরিজের শেষ সিনেমা।’

ভবিষ্যত্ পৃথিবীর মানুষেরা রোবটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই ভবিষ্যত্ পৃথিবীর এক সৈনিক তরুণী গ্রেইস। স্কাইবর্গ গ্রেইসের সুরক্ষার জন্য পাশে থাকে সারাহ কন্নর ও টার্মিনেটর কার্ল। মূলত ‘টার্মিনেটর :ডার্ক ফেইট’ সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রেইস চরিত্রটি। তাকে নিয়েই গল্পটি এগিয়ে গেছে। আর গ্রেইস চরিত্রে রূপদান করেছেন অভিনেত্রী ম্যাকেঞ্জি ডেভিস। ৩২ বছর বয়সী কানাডিয়ান এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ২০১২ সালে ‘স্ম্যাশড’ ছবির মাধ্যমে। দীর্ঘ সময়ের ব্যবধানে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন। কিন্তু সৌভাগ্যক্রমে তাকে আবিষ্কার করেন পরিচালক ড্রেইক ডরেমস। তিনি ‘ব্রিদ ইন’ সিনেমায় সুযোগ দেন অভিনয়ের। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রিদ ইন’ ছবিতে স্বল্পতম সময়ের জন্য সুযোগ পেয়েও ম্যাকেঞ্জি ডেভিস দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। ঐ একই বছরে ‘ব্যাড টার্ন ওরস’ ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে নতুন ডাইমেনশন আনেন এই অভিনেত্রী। যদিও এরপর আরো বেশ কিছু সিনেমায় দেখা যায় তাকে। কিন্তু কোনোটিতেই তেমন সাড়া জাগাতে পারেননি ম্যাকেঞ্জি। তবে ২০১৫ সালে বিখ্যাত পরিচালক রিডলি স্কটের ‘দ্য মার্শিয়ান’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আলোচনায় চলে আসেন। এরপর সাইকো থ্রিলার মুভি ‘অলওয়েজ শাইন’-এ তার দুর্দান্ত অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। সুঅভিনয়ের স্বীকৃতি হিসেবে ম্যাকেঞ্জি বেশ কয়েকবার পুরস্কার পেয়েছেন। নিজেকে ভালো একটি অবস্থানে প্রতিষ্ঠিত করার পর তিনি ‘ব্লেড রানার ২০৪৯’ ছবিতে অভিনয় করেন। ২০১৮ সালে ম্যাকেঞ্জিকে দেখা গেছে ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার জেসন রেইডম্যানের ‘টালি’ ছবিতে। এখানে তার সঙ্গে শার্লিজ থেরনও ছিলেন। ম্যাকেঞ্জি ডেভিসের অভিনয়জীবনে অনেক বড় একটি সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে টার্মিনেটর সিরিজের ষষ্ঠ ছবি ‘টার্মিনেটর :ডার্ক ফেইট’। ‘ডেডপুল’ ছবির পরিচালক টিম মিলারের পরিচালনায় অভিনয়ের মাধ্যমে এবার নতুন করে আলোচনায় এসেছেন এই তন্বী অভিনেত্রী। তার অভিনয়ে দারুণভাবে সন্তুষ্ট পরিচালক। তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ম্যাকেঞ্জি শুরু থেকেই গ্রেইস চরিত্রের সঙ্গে নিজেকে চমত্কারভাবে মানিয়ে নিতে পেরেছিল। চরিত্রটিকে যেভাবে ভাবা হয়েছিল, ম্যাকেঞ্জি তার অভিনয়ের মাধ্যমে সেভাবেই সাজাতে পেরেছে। এ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল তার জন্য। কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে এজন্য। তার বডি ল্যাঙ্গুয়েজ চরিত্রটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।’ সবার উচ্ছ্বাস আর প্রশংসা দেখে ম্যাকেঞ্জি নিজেও দারুণ অভিভূত। কারণ ‘টার্মিনেটর :ডার্ক ফেইট’ ছবিটি তাকে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে ইতিমধ্যে।