সিরাজগঞ্জ-২ আসনের সর্বত্র নৌকা প্রতীকের প্রচারণা মাঠে নেই বিএনপি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি ও কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। মর্যাদাপূর্ণ আসনটিতে সরকার দলীয় প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের প্রচারণায় মাঠ সরগরম থাকলেও এখনো মাঠে নামেনি বিএনপি। প্রতীক বরাদ্দের পরদিন সোমবার (১১ ডিসেম্বর) থেকেই এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রচারণায় নেমেছেন। প্রতিদিন সকাল থেকে প্রার্থী নিজে ও তার কর্মী-সমর্থকরা পৃথকভাবে নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন। এদিকে নৌকার পোস্টারে পোস্টারে জেলা সদর ও কামারখন্দ উপজেলা সদরসহ সমগ্র নির্বাচনী এলাকা ছেয়ে গেলেও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর পোস্টার এখনও লাগানো হয়নি। আসনটিতে আওয়ামী লীগ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মুহিবুল্লাহ ও বাসদের নব কুমার কর্মকার প্রচারণা শুরু করেছেন। তবে প্রার্থী নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকায় এখনও মাঠে নামেনি বিএনপি। ধানের শীষের প্রকৃত মালিক কে হবেন তা নিয়ে চলছে সব মহলেই আলোচনা। এখানে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এ বিষয়ে বলেন, আমরা গত তিনদিন ধরে দোদুল্যমান অবস্থায় ছিলাম। তবে আমাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে। বুধবার আদালতে প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়। এখন আমাদের বিকল্প প্রার্থী রুমানা মাহমুদকে নিয়ে দুই-একদিনের মধ্যেই প্রচারণা শুরু করবো। কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী বলেন, আমরা গত ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।