সিলেট প্রেসক্লাব গবেষণার ওপর জোর দিচ্ছে, এটা তাত্পর্যপূর্ণ ----------আবুল মাল আবদুল মুহিত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৩

সিলেট অফিস

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে সিলেট প্রেসক্লাব গবেষণার ওপর জোর দিচ্ছে—এটি খুবই তাত্পর্যপূর্ণ। যারা গবেষণা করেন, সঠিক ইতিহাসের চর্চা করেন, তাদেরকে সম্মানিত করা ভালো কাজ। তবে যখনই কাউকে ফেলোশিপ দেওয়া হবে যেন উপযুক্ত মানুষের হাতে দেওয়া হয়। রিসার্চ ফেলোশিপ প্রদানের মাধ্যমে সিলেটের সাংবাদিকতায় নবযুগের সূচনা হলো।

মঙ্গলবার সিলেট প্রেসক্লাব প্রবর্তিত সাংবাদিকতা বিষয়ে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ‘স্বাধীনতা-পূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ শীর্ষক গবেষণাকর্মের জন্য এবারের ফেলোশিপ দেওয়া হয় লেখক, গবেষক সেলিম আউয়ালকে। বাংলা সংবাদপত্র প্রকাশনার ২০০ বছর পূর্তিতে সিলেট প্রেসক্লাব এ ফেলোশিপ প্রবর্তন করে। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী।