বিক্ষোভকারীদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ ইমরান খানের

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৫৪

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে রাজধানীতে অবস্থান ধর্মঘট চলছে। সেই বিক্ষোভকারীদেরই ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার বিরোধীদের সমঝোতায় আসার আহ্বান জানালেও বিরোধীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। —খবর ডনের

মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি ইমরান খানের প্রশংসা করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজাদি মার্চে অংশ নেওয়া গরিব এবং ক্ষুধার্ত মানুষদের ত্রাণ সহায়তা দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।         বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে এসব দরিদ্র মানুষ কষ্ট ভোগ করছেন বলে জানা গেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খান মানবতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেছেন শিরিন মাজারি। তবে বিরোধী জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের সেক্রেটারি মাওলানা আবদুল গফুর হায়দেরি বলেছেন, ত্রাণ সহায়তার নামে প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের নিজের পকেটে ঢোকানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আজাদি মার্চ চলবে। এদিকে গতকাল জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রেহমানের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে সমঝোতার দায়িত্বে থাকা পাঞ্জাবের পার্লামেন্টের স্পিকার চৌধুরী পারভেজ এলাহি বলেছেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তিনি সরকারের সঙ্গে সমঝোতা করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

০