প্রতি বছর বিশ্বে প্রায় ১৩০ কোটি টন খাবার অপচয় হয়। অপচয় হওয়া খাবারের একটা বড়ো অংশের জায়গা হয় ময়লার ভাগাড়ে যা কি না জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা রাখে। নিউ ইয়র্কের শেফ ম্যাক্স লা মান্না যিনি ‘বেশি উদ্ভিদ, কম অপচয়’ নামে একটি বই লিখেছেন। যেখানে তিনি বলেছেন, এই মুহূর্তে খাদ্যের অপচয় মানবতার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।
খাদ্য অপচয় বিরোধী হিসেবে তিনি খাবারের ‘জিরো ওয়েস্ট’ নীতি অনুসরণ করেন। খাদ্যের অপচয় শুধু খাবারের অপচয় নয়, এর মানে হচ্ছে অর্থের অপচয়, পানির অপচয়, জ্বালানির অপচয়, ভূমির অপচয় এবং পরিবহনের অপচয়। তার মতে, ফেলে দেওয়া খাবার জলবায়ু পরিবর্তনেও নেতিবাচক ভূমিকা রাখতে পারে। খাদ্য অপচয় যদি কোনো দেশ হতো তাহলে এটি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে আমেরিকা ও চীনের পর তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে চিহ্নিত হতো। খাদ্য অপচয় রোধে তিনি সাতটি কৌশলের কথা বলেছেন। খাদ্য অপচয় রোধে সবার আগে তিনি কেনাকাটায় স্মার্ট হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, বেশির ভাগ মানুষ চাহিদার তুলনায় বেশি কেনাকাটা করে। স্মার্ট কেনাকাটার ক্ষেত্রে আগে একটি তালিকা তৈরি করুন এবং যা যা আপনার দরকার শুধু সেগুলোই কিনুন।
