অসুস্থ প্রাণী উদ্ধারে ‘৯৯৯’ নম্বরে ফোন করা যাবে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২২:০৮

স্থলের পাশাপাশি সমুদ্রেও বিপদগ্রস্ত মানুষ ৯৯৯-এ ফোন করে জরুরি সেবা পাচ্ছেন। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ায় এখানে কর্মরত পুলিশ সদস্যরা আরো আন্তরিক হয়ে সেবা দিচ্ছেন। এবার অসুস্থ প্রাণী উদ্ধারে সহায়তা দেবে ৯৯৯। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি জাতীয় সেবা ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ। তিনি বলেন দুস্থ, আহত, অবহেলিত, দুর্ঘটনাকবলিত এবং ফেঁসে যাওয়া প্রাণী উদ্ধারে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশসহ একাধিক সংস্থা কাজ করে থাকে। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে রাজধানীতে ৯৯৯-এর মাধ্যমে অসুস্থ প্রাণী উদ্ধারে সহায়তা কার্যক্রম খুব শিগিগরই চালু করা হচ্ছে। পরবর্তীতে এ কার্যক্রম ঢাকার বাইরে সম্প্রসারিত হবে।

প্রাপ্ততথ্যে জানা যায়, ৯৯৯ সেবা কার্যক্রম চালু হবার পর মোট কলের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৭২৩টি। তবে সহায়তা প্রদান করা হয়েছে ২৬ লাখ ৮৫ হাজার ৬৪টি কল। রাজধানীর আবদুল গনি রোডে পুলিশ কন্ট্রোল রুমের একটি ফ্লোরে পরিচালিত হচ্ছে ৯৯৯-এর কার্যক্রম। শুরুতে কলার টেকার ছিল ৩৩টি। বর্তমানে কলার টেকার ১০০টি। জনবল শুরুতে ছিল ১০০, বর্তমানে জনবল সাড়ে চারশতে উন্নীত হয়েছে।

৯৯৯ কন্ট্রোল রুমে দায়িত্বপালনকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, শুরুতে অনেকে এ সার্ভিসটিকে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে সময় যত গড়িয়েছে মানুষ বুঝতে                পেরেছে ৯৯৯ সার্ভিসের গুরুত্ব। পুলিশের ঐ কর্মকর্তা বলেন, কয়েক দিন আগে মফস্বল থেকে একটি ফোন আসে, রাত তখন ২টা। বলা হয়, তার এক আত্মীয়ের প্রচণ্ড পেটে ব্যথা, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালের গেটে তালা ঝুলছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশকে ৯৯৯ থেকে জানানো হয়। পুলিশ দায়িত্বরত ডাক্তারকে বাসা থেকে ডেকে এনে ঐ ব্যক্তির চিকিত্সার ব্যবস্থা করে।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যা বলেন

অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর ৯৯৯ সার্ভিসের দুই বছর পূর্ণ হচ্ছে। ৯৯৯ সার্ভিস সফল প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। বাংলাদেশ পুলিশের অনেক ইউনিট আছে। কিন্তু এ ইউনিট শুরুতেই অনেক সফলতা পেয়েছে।