মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবটি ৩৯৪-১ ভোটে পাস হয়। প্রস্তাবে প্রতিনিধি পরিষদ রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে সুস্পষ্ট অবস্থান গ্রহণের জন্য মার্কিন সরকার, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের প্রতি আহ্বান জানিয়েছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাবিরোধী নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’র স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ জোরালো হয়েছে। নিম্ন কক্ষের পর কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটেও প্রস্তাবটি পাস হলে চাপ আরও জোরালো হবে। তখন আইনগতভাবে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে ‘গণহত্যা’ এর স্বীকৃতি দিতে বাধ্য হবে মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস ভূমিকার কঠোর সমালোচনা করলেও একে গণহত্যা বলেনি যুক্তরাষ্ট্র।
ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান এড রয়েস প্রস্তাবটি সমর্থন করে বলেন, মিয়ানমারে যা ঘটেছে তা গণহত্যা। এই গণহত্যার স্বীকৃতি দেওয়া মার্কিন সরকারের নৈতিক দায়িত্ব। স্বীকৃতি প্রদানে অপারগতার কারণে গণহত্যার জন্য দায়ীদের বিচারের কাঠগড়ায় আনা বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিধি পরিষদের প্রস্তাবটি অনেকাংশে প্রতীকী। সিনেটে একই প্রস্তাব সমর্থিত না হলে তা আইনে পরিণত হবে না।
রোহিঙ্গাদের ওপর নৃশংসতাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ মানুষকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারেরও প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসম্যানরা।
