জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নির্বাচনকে ব্যবহার করে জঙ্গি-রাজাকার-আগুন সন্ত্রাসীদের পুনর্বাসন করছে। তিনি বলেন, তাদের চালচলন দেখে মনে হচ্ছে তারা নির্বাচনে এসেছে উছিলা তৈরি করতে, কীভাবে নির্বাচন বানচাল ও অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা যায়। শেখ হাসিনা এবং মহাজোট উন্নয়ন ও শান্তির প্রতীক, আর সেই কারণেই নৌকার বিজয় সুনিশ্চিত।
গতকাল শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কলেজ বাজারে নির্বাচনী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া-২ আসনের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি যদি পুনরায় এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে শান্তি বজায় রাখবো। উন্নয়নের স্বার্থে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এসময় ‘উন্নয়নের ১০ বছর’ নামের একটি সংকলন সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে ভেড়ামারা ও মিরপুরবাসী শান্তিতে রয়েছে। শতভাগ বিদ্যুতায়িত হয়েছে দুটি উপজেলা। কাদা ও জরাজীর্ণ রাস্তা পাকা করেছি। দুটি উপজেলায় উন্নয়ন করেছি সমানতলে। কোনো বৈষম্য করিনি। অচিরেই ভেড়ামারায় ইপিজেড এবং পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
