টানা তিন সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভের মুখে চিলির প্রেসিডেন্ট দেশটির ন্যূনতম মজুরি বাড়াতে কংগ্রেসে একটি বিল প্রস্তাব করেছেন। প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা স্বাক্ষরিত প্রস্তাবিত বিলে ন্যূনতম মজুরি মাসে ৪৭০ ডলার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
লাতিন আমেরিকার ধনী দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সামাজিক সেবার উন্নয়ন ও বৈষম্য অবসানের দাবিতে প্রতিবাদ করছেন। রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। টোলবৃদ্ধির প্রতিবাদে গাড়ির বহর নিয়ে হর্ন বাজিয়ে সড়ক অবরোধ করেও বিক্ষোভ হয়। পতাকা নাড়িয়ে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি সড়কে যান চলাচল অচল করে দেয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, অর্থমন্ত্রী ইগনাসিও ব্রিওনেস কংগ্রেসে যাওয়ার পথে নিজের গাড়ি থেকে নেমে এক ট্রাক চালকের সঙ্গে কথা বলছেন।
