ব্রাহ্মণবাজার-শ্রীমঙ্গল সড়ক

চৌমুহনা এলাকায় সড়ক বেহাল

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:৫৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনায় পুলিশ ফাঁড়ির সম্মুখে সড়কের ভাঙা অংশে পানি ও কাদা জমে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ব্রাহ্মণবাজার-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের শমশেরনগর বাজারের চৌমুহনার পুলিশ ফাঁড়ির সম্মুখে সড়কের ভাঙা অংশ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা। শমশেরনগরের সচেতন নাগরিক সমাজ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে গত রবিবার বেলা আড়াইটায় চৌমুহনার রাস্তার ভাঙা অংশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, জেলার ব্রাহ্মণবাজার-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের শমশেরনগর বাজারের চৌমুহনার পুলিশ ফাঁড়ির সম্মুখে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার একাংশ ভেঙে বড়ো আকারের গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পার্শ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থাও সম্পূর্ণ বিকল হয়ে পড়ায় রাস্তার ওপর দিয়ে বাসাবাড়ির ময়লা-আবর্জনার পানি প্রবাহিত হচ্ছে। সড়কের ভাঙা গর্ত ও ড্রেনেজ ব্যবস্থা বিকল হওয়ায় যান চলাচল, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। পুলিশ ফাঁড়ি, ব্যাংক, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর, পোস্ট অফিস, সুজা মেমোরিয়াল কলেজ, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কিন্টার গার্ডেন স্কুল, শমশেরনগর বিমানবাহিনী ইউনিটসহ ব্যবসায়ীদের যাতায়াতের একমাত্র সড়ক।

অবিলম্বে সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু, ব্যবসায়ী বদরুল ইসলাম, লাইটেস স্ট্যান্ডচালক সমিতির সম্পাদক জসিম মিয়া, স্থানীয় ইউপি সদস্য সীতারাম বীন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এ চৌধুরী প্রমুখ।

মানববন্ধন চলাকালে দীর্ঘ সময়ে শমশেরনগরে রাস্তা অবরোধ হয়ে পড়ে। সংবাদ পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনাস্থলে আসলে শমশেরনগর নাগরিক সমাজের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তার ভাঙা অংশ ও ড্রেনেজ মেরামতের আশ্বাস প্রদান করলে মানববন্ধন প্রত্যাহার করা হয়।