পলো দিয়ে মাছ ধরার উত্সব উদ্যাপিত হয়েছে কমলগঞ্জের ধলাই নদীতে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাছ ধরা শুরু হলে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন, আলেপুর, চণ্ডিপুর, কুমড়াকাপন গ্রামের মানুষ পলো বাওয়া উত্সবে অংশগ্রহণ করেন। পলো, উড়াল জাল, পেলেন জাল এসব দিয়েই মাছ শিকার করছেন মানুষ। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে তাদের এ মাছ ধরা। দল বেঁধে সারিবদ্ধ হয়ে পলো দিয়ে পুঁটি, ট্যাংরা, শোল ও বোয়াল মাছ ধরছেন। আলেপুর গ্রাম থেকে আসা নূর মিয়া বলেন, বছরের এ দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দই আলাদা।
