খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সৌন্দর্যের কথা বলতে গেলে প্রথমেই চোখের সামনে ভেসে আসবে ক্যাম্পাসের সবুজে ঘেরা ছোট্ট লেকটি। আর এই লেক ঘিরেই ক্যাম্পাসে নির্মিত হয়েছে শহিদ মিনার, মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া। লেকটির সৌন্দর্য বর্ধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লেকসাইড ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে। রবিবার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান এ কাজের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ডিজাইন ও লে-আউট প্রত্যক্ষ করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার থেকে লেকসাইড নির্মাণের ভৌত কাজ শুরু হয়েছে। ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে এই লেকসাইড ওয়াকওয়ে নির্মিত হচ্ছে।
