শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই গত দশ বছরে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শুক্রবার বিকালে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।'

মন্ত্রী আরও বলেন, 'দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও জঙ্গীবাদ আর বাংলা ভাইয়ের জন্ম হবে।'

তিনি বলেন, 'বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সকল উন্নয়ন ধ্বংস করে দিবে এবং খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে। দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, দেশবাসী চায় নৌকায় ভোট দিয়ে আলোর পথে এগিয়ে যেতে। দেশের শান্তি-শৃঙখলা বজায় থাকলে দেশ উন্নত হবে। উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন।'

তিনি আরও বলেন, 'পদ্মা সেতু নিয়ে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচারের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়ে তা মিথ্যা প্রমাণ করেছি। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ২য় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।'

আরও পড়ুনঃ বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া আদর্শহীন নেতা ড. কামাল: তোফায়েল

এ সময় মন্ত্রীর সঙ্গে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু