কুষ্টিয়ায় হত্যা মামলায় এক জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম লালন গাজী। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার চিথলিয়া গ্রামের মকবুল গাজীর ছেলে। দণ্ডপ্রাপ্ত লালন ও নিহত চিনি মোল্লা সম্পর্কে ভায়রা ভাই ছিলেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জেরে ২০১৭ সালের ১২ মার্চ লালন গাজীকে তার ভায়রা চিনি মোল্লা মারপিট করেন। ঘটনার দুই দিন পর ১৪ মার্চ হাটে যাওয়ার পথে চিনি মোল্লাকে তার ভায়রা লালন গাজী হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে গুরুতর আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড়ো ভাই মিরাজুল ইসলাম মোল্লা বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন।
