ছাতকে দুই পক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১১

ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় দিঘলী ও শিবনগর গ্রামে বিরাজ করছে আতঙ্ক। সংঘর্ষে গুরুতর আহত শিবনগর গ্রামের খুরশিদ আলীর পুত্র ইয়াকুব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিঘলী গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। থানা ও দাঙ্গা পুলিশ রাতেই অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবীসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বুধবার সন্ধ্যারাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দিঘলী ও শিবনগর গ্রামবাসীর দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী, পথচারীসহ দুই শতাধিক ব্যক্তি আহত ও ইয়াকুব আলী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়। রাতে দিঘলী কালীদাসপাড়ায় অভিযান চালিয়ে সাহেদ আলম (২৭), সজীব পাল (১৮), সুভাষ পাল (২২) ও নির্মল ঘোষ (২১)কে আটক করে পুলিশ।  ছাতক থানার ওসি মোস্তফা কামাল আটকের কথা স্বীকার করে জানান, সংঘর্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে।