নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরামকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের গায়ে খোঁচা দিবেন না। আমাদের গায়ে খোঁচা দিয়ে আপনি তো পার পেয়ে যাবেন। কিন্তু যাদেরকে মাঠে নামাচ্ছেন তারা তো সবাই নারায়ণগঞ্জেই থাকবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানের এক নির্বাচনী কর্মিসভায় তিনি এসব কথা বলেন। বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মিসভার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। কোনো শক্তি নাই তাকে সরাবে।
নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান বলেন, আমাদের মধ্যে কোনো ভাঙ্গাভাঙ্গি নাই, ভাঙ্গাভাঙ্গি যদি থাকে তাহলে তা নদীর ওইপাড়ে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, জেলা মহিলা লীগ সভানেত্রী ড. শিরিন বেগম, মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সানাউল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান বেগম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
