বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
ডোমার (নীলফামারী): ডোমার উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় গাউসুল আযম বাবু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার মা গুলসান আরা বেগম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল উপজেলার ডোমার পৌর শহরের এমপির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে কোস্টার চাপায় ফারুক মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফারুক মিয়া দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের মকবুল আলীর পুত্র।
মেহেরপুর: মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক হোসেন (২৩) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গত বুধবার শহরের পন্ডের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোস্তাক সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ছমিরুল ইসলাম এর ছেলে। এ সময় আরো দুই জন আহত হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামে পিকআপের ধাক্কায় দ্রুতগামী কাভার্ডভ্যান একটি দোকানে ঢুকে পড়লে সুমন নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির গামারীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
