নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গুরুত্বপূর্ণ অলিপুরা থেকে শান্তিরবাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসী ফুঁসে উঠছে। সংস্কার কাজে সঠিক সামগ্রী ব্যবহার না করলে যে কোনো সময় তারা বারদী-শান্তিরবাজার সড়ক অবরোধের ঘোষণা দেন। সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন নিম্নমানের কাজের বিষয়টি স্বীকার করে বলেন, সাইটে গিয়ে সঠিক মানের সামগ্রী ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি।
জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ১০.২২ কিলোমিটার সড়কের কার্যাদেশ পান এম আর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। গত সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করে সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তরের কথা রয়েছে। কাজ শুরুর পর প্রায় দুই কিলোমিটার সড়কে নিম্নমানের পাথর, খোয়া, পিচ ব্যবহার করা হয়েছে। এ কাজ দেখে এলাকাবাসী ফুঁসে উঠেছে। তাদের দাবি সঠিক মানের সামগ্রী দিয়ে এ সড়ক সংস্কার করা হোক। তাদের দাবি অনুযায়ী সংস্কার করা না হলে সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম জানান, দীর্ঘ ১৫ বছর পর এ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। গত ৮-১০ বছর ধরে এ সড়ক দিয়ে মানুষ কষ্ট করে চলাচল করেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করছে। অল্প পরিমাণ বিটুমিন ব্যবহারের ফলে সড়ক একটু পানি পেলে ভেঙে যাবে।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার হচ্ছে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন। বিষয়টি সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইঞ্জিনিয়ারকে জানিয়েছি।
ঠিকাদারী প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. টুটুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ইঞ্জিনিয়ার সাইটে নিয়ে পরীক্ষা করে কাজ করছি। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে না।
সোনারগাঁও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী আলী হায়দার খাঁন বলেন, কিছু ম্যাটারিয়াল খারাপ এসেছিল। আমরা সাইটে গিয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। পরে সঠিক মানের সামগ্রী ব্যবহার করে সংস্কার করা হচ্ছে।
