গাজীপুরে ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০০:১৬

গাজীপুরে প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। বুধবার রাতে মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকায় মাম সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। অভিযানকালে কাভার্ড ভ্যানের চালক চাঁদপুরের মতলব থানার ফতেপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আবু সাঈদকে (২৮) আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সংঘবদ্ধ মাদক চোরাচালানি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একবার মাদক পাচার করলে সে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে পেত বলে র্যাবকে জানায়।

নবাবগঞ্জে গাঁজা গাছসহ আটক এক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০ ফুট লম্বা ৮ কেজি ওজনের একটি গাঁজা গাছসহ আকরাম খান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা।