গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সেলিমা রহমানসহ কর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ খান আজম, মশিউর রহমান, হাবিবুর রহমান হাবিব, গোলাম আকবর খন্দকার, সিরাজউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে তারা সেখানে মোনাজাতে অংশ নেন।
দিনটি উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হয় দলীয় পতাকা। রঙিন পোস্টারও প্রকাশ করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে।
