যাবজ্জীবন সাজার বিরুদ্ধে জাল নথির ভিত্তিতে করা জোড়া খুন মামলার আসামির আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল কাগজপত্রের ভিত্তিতে করা আপিলের পেপারবুক প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট আপিল শাখাকে বলা হয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. শাহীন মৃধা। তিনি বলেন, ঐ আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, ১৯৯৪ সালে মাগুরায় আসাদুজ্জামান ও হান্নান নামে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। ঐ ঘটনায় করা মামলায় ১৯৯৫ সালে আসামি মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজনকে যাবজ্জীবন সাজা দেয় মাগুরার জেলা ও দায়রা জজ আদালত। ২৩ বছর পলাতক থাকার পর আসামি মোয়াজ্জেম ২০১৭ সালের ২৭ মার্চ আত্মসমর্পণ করে কারাগারে যান। ঐ বছরই সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। আপিল নম্বর (৯৩৩১/২০১৭)। চান জামিনও। কিন্তু বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আসামির জামিন আবেদন খারিজ করে দেয়।
দুই বছর পর মামলার নথি জাল করে হাইকোর্টে আরেকটি আপিল করেন। এর নম্বর (১০৮৪/২০১৯)। ঐ আপিলে বলা হয়, ২০১৮ সালের ২১ নভেম্বর তাকে দণ্ড দিয়েছে দায়রা আদালত। যদিও দুই যুগ আগে দায়রা আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। ভয়াবহ এই জালিয়াতির বিষয়টি রাষ্ট্রপক্ষ হাইকোর্টের নজরে আনে। এরপরই হাইকোর্ট আসামির জামিন বাতিল করে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের নির্দেশ দেয়। এরই মধ্যে থানায় জালিয়াতির ঘটনায় মামলা করা হয়েছে। যা তদন্ত করছে সিআইডি পুলিশ।
