শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় ওলামাদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা পীরজাদা এস.এম রুহুল আমিন মমতাজীকে (৭৫) শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তবে কেন কি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
জানা যায়, শ্রীপুরে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ইকবাল সিদ্দিকীর ধানের শীষের পক্ষে তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় গণসংযোগ করছিলেন মমতাজী। গণসংযোগ চলাকালে শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর শনিবার দুপুরে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শ্রীপুরের মাওনা চৌরাস্তায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়া কথা ছিল। উক্ত পথসভায় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ডা. কামাল হোসেন, আসম আ: রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য রাখবেন বলে স্থানীয় ভাবে প্রচার করা হয়। এ সভাকে পণ্ড করার জন্য পুলিশের ধরপাকড় বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি ও ধানের শীষ প্রতিকের প্রার্থী ইকবাল সিদ্দিকী।
এর আগে ১৩ ডিসেম্বর ভোরে শ্রীপুর থানা পুলিশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আ: মোতালেব ও জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকারকে নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
ইত্তেফাক/নূহু
