সরকার প্রথম থেকেই সহিষ্ণু-সহনশীলতা নিয়ে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:৪৫

শেখ হাসিনার সরকার প্রথম থেকেই সহিষ্ণু-সহনশীলতা নিয়েই কাজ করে যাচ্ছে। অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। এটা শুধু মুখের কথা নয়, আমরা বাস্তবে দেখাচ্ছি। 

শুক্রবার রংপুরের কাউনিয়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেছেন। আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চলমান শুদ্ধি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগ ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেবেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক এম হান্নান, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমীন আনছারী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি ও জেলা যুবলীগ ফিরোজ সরকার প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ ৩ যাত্রী আটক

আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি ভেঙ্গে দেওয়া হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ারুল ইসলাম মায়াকে সভাপতি ও এম হান্নানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এর আগে সকালে পেঁয়াজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না। 

তিনি আরও বলেন, মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা এলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়। ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও দাম কমার সুযোগ নেই। ভারতে এখন পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি