‘মননশীল জাতি গঠনে লাইব্রেরির বিকল্প নেই’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:১৮

 ‘মননশীল জাতি গঠনে লাইব্রেরির কোনো বিকল্প নেই। তথ্য ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য হওয়ায় বর্তমান সময়ের তরুণ সমাজ লাইব্রেরিমুখী না হয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকৃষ্ট হয়ে পড়ছে। ফলে সামাজিক অবক্ষয়সহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বৃহস্পতিবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটী হরিসভা মন্দির চত্বরে অনির্বাণ লাইব্রেরি আয়োজিত শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি অনির্বাণ লাইব্রেরির বহুমুখী কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সামাজিক অবক্ষয় রোধে দেশের প্রতিটি এলাকায় অনির্বাণ লাইব্রেরির মতো বহুমুখী কর্মকাণ্ডের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। এর আগে তিনি লাইব্রেরির নতুন পাঠকক্ষ ও লাইব্রেরির ওয়েবসাইট  www.anirbanlibrary.com.bd উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহনলাল দত্তকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র।

জানা যায়, ১৯৯০ সালের ১০ ডিসেম্বর লাইব্রেরিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায়। পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামের হরিসভার একটি ঘরে প্রথম শুরু হয় প্রগতিশীল সংস্কৃতি চর্চার কেন্দ্র লাইব্রেরির কার্যক্রম।