চট্টগ্রামে জেলা প্রশাসনের কর্মচারীকে আটক করেছে দুদক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২২

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলামকে ৯১ লাখ টাকার চেক ও নগদ সাড়ে সাত লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুদক। গত বৃহস্পতিবার ষোলশহর এলাকার চিটাগং শপিং কমপ্লেক্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তসলিম উদ্দিন নামে জেলা প্রশাসনের আরেক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক রতন কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের শিকলবাহক (চেইনম্যান) হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে তাকে ফটিকছড়ি উপজেলা পরিষদে সংযুক্ত করা হয়।

দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারের কাছ থেকে যে ক্ষতিপূরণ পান, সেই টাকা হাতে পাওয়ার জন্য জেলা প্রশাসনের এলএ শাখার একটি চক্রকে কমিশন দিতে হয়। নজরুলসহ কয়েকজন কমিশন সংগ্রহের কাজ করতেন। কমিশনের অগ্রিম হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে চেক ও টাকাগুলো নেওয়া হয়েছে।