দুর্গাপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় ও মোটর সাইকেলে আগুন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সমর্থকরা প্রতিদিন অর্ধশতাধিক মোটর সাইকেলে করে সশস্ত্র অবস্থায় দিনভর উপজেলা জুড়ে মহড়া দিচ্ছে। শুক্রবার দুপুরের পর তারা দেলুয়াবাড়ি ইউপির তরিকতপুরে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে রাখা মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’

দুর্গাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে চলেছে বলেও অভিযোগ করেন স্বয়ং বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা জয়নগর ইউনিয়নের দাওকান্দি বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা দুটি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এর আগে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুর্গাপুর হয়ে জয়নগর ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগের পরই এ হামলা চালানো হয়।

এ ব্যাপারে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু বলেন, 'বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। ঘটনা জানাতে দুর্গাপুর থানার ওসিকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছেন না। এ বিষয়ে করণীয় নির্ধারণে তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে সভায় রয়েছেন। সভায় দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নেয়া হবে'।

আরও পড়ুনঃ রামগড়ে নির্বাচনী প্রচারণায় হামলা

বিএনপির নির্বাচনী কার্যালয়ে ও মোটরসাইকেলে আগুন এবং দিনভর মোটর সাইকেলে সশস্ত্র মহড়া প্রসঙ্গে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি আব্দুল মোত্তালেব বলেন, 'আমরা মিটিংয়ে আছি। আপনি পরে ফোন করেন।'

ইত্তেফাক/নূহু