দীর্ঘ বিরতির পর ৩ ছবি নির্মাণে ডিপজল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:২৭

 

মাঝে বেশ কয়েক বছরের বিরতি দিয়ে নির্মাতা-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নতুন করে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা শুরু করলেন। আগামী ১২ নভেম্বর কক্সবাজারে একসঙ্গে নতুন তিন সিনেমার শুটিংয়ের মাধ্যমে বিরতি ভাঙছেন তিনি। ব্যক্তিগত কারণ এবং চলচ্চিত্রের মন্দাবস্থার কারণে বেশ কয়েক বছর তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। এবার প্রযোজনার পাশাপাশি তিনি নিজেই তার নতুন সিনেমাগুলো পরিচালনা করবেন। এর আগে তিনি ৩টি সিনেমা পরিচালনা করেছিলেন। তারপর দীর্ঘদিন পরিচালনায় যুক্ত হননি। দেশসেরা পরিচালকদের নিয়ে সিনেমা নির্মাণ করেছেন। ডিপজল বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে এতদিন সিনেমা নির্মাণ থেকে দূরে ছিলাম। এখন সবকিছু গুছিয়ে নতুন করে কাজে নেমেছি। আশা করছি, দর্শক আমার কাছ থেকে যে ধরনের সিনেমা প্রত্যাশা করেন, তা তাদের উপহার দিতে পারবো। ভালো গল্প এবং নির্মাণ সঙ্কটের কারণে আমাদের চলচ্চিত্রের খারাপ অবস্থা চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের মনের মতো গল্পের সিনেমা নির্মাণ করা ছাড়া উপায় নেই। আমি বরাবরই দর্শকের চাহিদাকে প্রাধান্য দিয়ে সিনেমা নির্মাণ করেছি। এখনো যখন দেখি টেলিভিশনে আমার অভিনীত সিনেমাগুলো প্রচার হয় তখন ব্যাপক দর্শক তা দেখেন। এর মূল কারণ সিনেমার গল্প।’

উল্লেখ্য, এবারের শিল্পী সমিতি নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে সহ-সভাপতি হিসেবে বিপুল ব্যবধানে জয় পান ডিপজল। একইসঙ্গে এফডিসিতেও তার সরব উপস্থিতি জানান দেন তিনি।

নিজের কাজের পরিকল্পনা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘এখন থেকে ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ করবো। সিনেমার বর্তমান দুর্দশা কাটাতে খুব বেশি সিনেমার প্রয়োজন পড়ে না। বছরে যদি ৪-৫টি হিট সিনেমা উপহার দেয়া যায়, তবে তা ইন্ডাস্ট্রির অবস্থা পরিবর্তনের জন্য যথেষ্ট। এতে অন্য নির্মাতারাও উত্সাহী হয়ে সিনেমা নির্মাণে আগ্রহী হবেন। আমি এ কাজটি করতে যাচ্ছি। এরইমধ্যে আমার বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ হয়েছে। নতুন সিনেমার পাশাপাশি এগুলোও মুক্তি দেবো।’