ন্যাপোলিতে খেলোয়াড়-কর্মকর্তা মুখোমুখি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:১৭

ইতালীয় ফুটবলে ‘রিতিরো’ খুবই পরিচিত এক দৃশ্য। কোনো ক্লাব যখন খুবই বাজে সময়ের মধ্য দিয়ে যায় তখন খেলোয়াড়দের একটা নির্দিষ্ট হোটেল কিংবা তাদের অনুশীলনের বেইজ ক্যাম্পে আটকে দেওয়া হয়।

শেষ এক দশকে সবচেয়ে বাজে লিগ মৌসুম শুরুর পর ন্যাপোলি কর্তৃপক্ষ খেলোয়াড়দের ওপর গেল সপ্তাহে এই পদ্ধতিটি আরোপ করেছিল। তবে খেলোয়াড়রা সেটা অমান্য করেই সালজবার্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলার পর ফিরে গিয়েছিল নিজেদের ঘরে। তাতে ক্ষুব্ধ কর্তৃপক্ষ জানিয়েছে আইনি ব্যবস্থার মুখেও পড়তে পারেন খেলোয়াড়রা।

শেষ চার মৌসুমে তিনবার লিগ রানার্স আপ হয়েছিল ন্যাপোলি। সে বৃত্ত থেকে বেরোতেই গত দলবদলে বেশ অর্থ খরচ করেছিল ক্লাবটি। তবে তাতে হিতে বিপরীতই হয়েছে দলটির। লিগে শেষ পাঁচ ম্যাচের একটিতে জয় নিয়ে অবস্থান করছে সপ্তম স্থানে। এতে ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষ খেলোয়াড়দের ওপর ‘রিতিরো’র আদেশ দিয়েছিল। পরে অবশ্য গত বুধবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছিল এই আদেশ কোনো প্রকারের শাস্তি নয়, বরং একটি রক্ষণশীল পদক্ষেপ।

এরপরেও আদেশটি মানেননি ন্যাপোলি খেলোয়াড়রা। এক সপ্তাহ টানা অনুশীলনের আদেশ অমান্য করেই ফিরে গিয়েছিলেন যার যার ঘরে। এ কারণেই চটেছে ক্লাব কর্তৃপক্ষ, জানিয়েছে ক্লাবের ‘অধিকার’ রক্ষায় পদক্ষেপ নেবে তারা। তবে পদক্ষেপটা কী হবে সেটা এখনো পরিষ্কার জানায়নি ক্লাবটি।